বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মহসিনের পরিবারের পাশে এমপি সাঈদ

বাহরাইনে ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি প্রবাসী আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। নিহতের একমাত্র মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি।মঙ্গলবার (৩ মার্চ) চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে নিহত মহসিনের বাড়িতে পরিবারের খোঁজখবর নিতে যান সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা। গত সোমবার ভোরে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দায়িত্ব পালনকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। সাঈদ আল নোমান বলেন, ‘প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের মৃত্যুতে আমরা শোকাহত। তার একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। আমাদের ভাই, রেমিট্যান্স যোদ্ধা মহসিনের মরদেহ যত দ্রুত সম্ভব যথাযথ মর্যাদায় দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।’ আরও পড়ুন: বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: রাজার গভীর শোক সংসদ সদস্য সাঈদ বলেন, ‘প্রবাসে কর্মরত ভাইয়েরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ঘামে-রক্তে অর্জিত রেমিট্যান্স আমাদের উন্নয়নকে গতিশীল করছে। তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা মহসিনের পরিবারের পাশে রয়েছি। আমরা নগর বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং বিএনপির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে পাশে থাকবো।’