ভারত স্পিন বোলিংয়ে বরাবরের মতোই শক্তিশালী একটি দল। ভারতীয় দলে বেশকিছু বিশ্ব মানের স্পিনার রয়েছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের স্পিনারদের তেমন ভয়ঙ্কর মনে হচ্ছে না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের। বরং, ইংল্যান্ডের স্পিন আক্রমণ বেশি ভালো করছে বলে মনে করেন তিনি।শক্তি-সামর্থ্য, পরিচিত কন্ডিশন; সব মিলিয়ে ফেবারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করে ভারত। কিন্তু কয়েকটি ম্যাচে সেরা চেহারায় দেখা যায়নি দলটির। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যারা এখন পর্যন্ত আসরে নিজেদের সেরাটা খেলতে পারেনি। নেপালের বিপক্ষে হারতে বসেছিল দলটি। পরে ক্যারিবীয়ানদের সঙ্গে হেরেই যায় তারা। এরপর অবশ্য আর কোনো ম্যাচ হারেনি ইংলিশরা।টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্টে ভন বলেন, সেরা ছন্দ খুঁজে না পেলেও কোনো না কোনোভাবে জয় পাচ্ছে ব্রুক-সল্টরা। ভন বলেন, ‘তারা জয়ের পথ খুঁজে বের করেছে। নিউজিল্যান্ডের ম্যাচটি যদিও খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, তবু শেষ পর্যন্ত জিততে পারা দারুণ এক অর্জন ছিল।’হ্যারি ব্রুক ছাড়া ব্যাটিংয়ে ইংল্যান্ডের কেউ ভালো করতে পারছে না। তবে বোলিংয়ে বেশ ছন্দ ধরে রেখেছে দলটি। ভনের মতে, স্পিনে ভারতের চেয়ে ভালো করছে ইংল্যান্ড।আরও পড়ুন: যে ইংলিশ তারকাকে ভারতের জন্য হুমকি মনে করেন গাভাস্কার সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘ভারতের চেয়ে ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো। বরুণ চক্রবর্তীর ওপর ব্যাটসম্যানরা চড়াও হয়ে খেলছে। ইংল্যান্ডের স্পিন বিভাগের কথা বললে, ডসন, রাশিদ ও উইল জ্যাকস টুর্নামেন্টের সেরা ত্রয়ী।’ব্যাটিংটা এখন নিজেদের মানের করতে না পারলেও, অন্য সব বিভাগে দুর্দান্ত ভালো করছে ইংল্যান্ড, মনে করছেন ভন। তার মতে সেমিফাইনালে স্বাগতিকদের হারিয়ে দেবে ব্রুকরা।ভন বলেন, ‘এখন পর্যন্ত অসাধারণ ফিল্ডিং করছে ইংল্যান্ড। তাদেরকে সতর্ক মনে হচ্ছে। দৌড়ে রান নেয়ার ক্ষেত্রেও দারুণ করছে। ছোটখাটো যে বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকে, ইংল্যান্ড সেগুলো বেশ ভালোই করছে বলে মনে হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে, মুম্বাইয়ে ইংল্যান্ডই শেষ পর্যন্ত জিতবে।’বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।