পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।বুধবার (০৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। এর আগে ৩ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছান। রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের আমলেও কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর এটি। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার পল কাপুরের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার সকাল থেকে তিনি ব্যস্ত সময় পার করবেন। আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, কী কথা হলো? খসড়া সূচি অনুযায়ী, বুধবার সকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার দিন শুরু হবে। এদিন তিনি পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলকে আলজেরিয়ার সমর্থন সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানেও তার অংশ নেয়ার কথা রয়েছে। সফর শেষে বৃহস্পতিবার রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত