টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পতন পুঁজিবাজারে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালাচ্ছে, যার ফলে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের দাম বেড়েছে ১৪ শতাংশ। ইউরোপীয় গ্যাসের দাম বেড়েছে ৭০ শতাংশ। এশিয়ার পুঁজিবাজারেও বড় পতন দেখা দিয়েছে।ইরানের হামলা ও মধ্যপ্রাচ্যে পাল্টা জবাবের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। বুধবার (৪ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুডের দাম আরও ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলার ৪৫ সেন্টে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত দাম বেড়েছে ১৪ শতাংশ। ইউরোপীয় গ্যাসের দামও ৭০ শতাংশ বেড়ে গেছে। কাতারের বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানিকারক কারখানার বন্ধ হওয়ার অনিশ্চয়তার কারণে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। হরমুজ প্রণালি, যেখানে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়, সেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। আরও পড়ুন: বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজারও। বুধবার সকালের লেনদেনে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৮ শতাংশ কমেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩.৬ শতাংশ কমেছে, আর অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচকে ১.৮ শতাংশ পতন হয়েছে। সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম। বিনিয়োগকারীরা বলছেন, সংকটকালে নিরাপদ আশ্রয় হিসেবে ডলার এখনো কার্যকর। ডলার ‍সূচক দশমিক ২ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ২৮ তে দাঁড়িয়েছে। যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ মান। বিপরীতে ইউরোতে আস্থা হারাচ্ছে বাজার। প্রতি ইউরোর মান দশমিক ৩ শতাংশ কমে ১ ডলার ১৫ সেন্টে নেমেছে। একইভাবে ব্রিটিশ পাউন্ডের মানও দশমিক ৩ শতাংশ কমে ১ ডলার ৩৩ সেন্টে ঠেকেছে। এদিকে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম বেড়েছে। শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতিটির দাম দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৮৫ ডলারে।