ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতির

পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহণ সংকটসহ নানা কারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ একদিনের ঈদের ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।বুধবার (৪ মার্চ) পাঠানো এক বিবৃতিতে এ দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহণ সংকট, স্টেশন ও পথের অবকাঠামোসহ নানা কারণে স্বল্পসময়ে এতবেশি মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয় না। এ কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধু সরকার ১৮ মার্চ এক দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এহেন ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি সংগঠনটির।