টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার দ্রুত বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক মডেলে যেতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।বুধবার (৪ মার্চ) গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘উন্নয়নে নজর: স্বল্প ও মধ্যমেয়াদে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আল মাহমুদ তিতুমীর বলেন, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে রাজস্ব নীতিতে আমূল পরিবর্তন আনা হবে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন বুনছে স্বল্প আয়ের মানুষ এদিকে, মূল্যস্ফীতির হার কমার প্রবণতা দেখা গেলেও এর গতি শ্লথ। বিপরীতে মজুরি বৃদ্ধির হার প্রায় স্থবির অবস্থায় রয়েছে; যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের যে প্রস্তাব রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। ড. ফাহমিদা খাতুন আরও বলেন, এলডিসি গ্রাজুয়েশন পেছানো হবে কি না; তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গ্রাজুয়েশনের প্রস্তুতি নেয়া। স্মুথ ট্রানজেশন স্ট্রাটেজি বাস্তবায়নে জোর পদক্ষেপ নিতে হবে। বাজারে পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে হবে।