স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মনে করি পুলিশ সত্যিকারভাবে জনগণের বন্ধু। প্রতিষ্ঠান হিসেবে তাদের কপালে অতীতে যে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল সে জন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক দুষ্টু লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে। যার দোষটা এই প্রতিষ্ঠানের ওপরে এসে পড়েছে। বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি দেওয়া। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। দেশে বিগত সময়ে ফ্যাসিবাদী একটা সরকার ব্যবস্থা ছিল। সেই সময় অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা আবারও আস্থাটা সৃষ্টি করতে পারি যে, পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার ফিরেছি। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিষ্ঠান এমনভাবে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে। এখানে যেন কোনো ব্যক্তি সিস্টেম গড়ে না ওঠে। রুল অব ল আমরা প্রতিষ্ঠা করবো এবং পুলিশ আইন অনুযায়ীই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই চলবে। তিনি বলেন, আমি আশা করি জনগণের পক্ষে দেশের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পুলিশ তাদের কাজ চালিয়ে যাবে। জনবান্ধব পুলিশ নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্ব স্বীকৃত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সঙ্গে তুলনা চলবে না। আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরেই বলেছি যে, পেশাদারিত্বে চেইন অব কমান্ড থাকতে হবে। কেআর/এমএমকে