গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার জার্সিতে আরও টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আশাবাদী এবং নিজের ক্যারিয়ারের শেষের তারিখ এখনই ঠিক করতে চান না। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, এই দুই আসরেই খেলার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল ২০২৮ বিশ্বকাপ আসতে আসতে ৪০ বছরে পা দেবেন। এর কয়েক মাস আগে হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। তিনি ইতোমধ্যে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি করেছেন। পাশাপাশি এ বছর তিনি পিএসএল, এমএলসি এবং বছরের শেষ দিকে ইউরোপভিত্তিক নতুন একটি টি-টোয়েন্টি লিগেও খেলবেন, যেখানে তিনি একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকও।তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকেই বিদায় এবং ম্যাক্সওয়েলের ব্যক্তিগত ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ২০২৮ সালের দলে ম্যাক্সওয়েল নাও থাকতে পারেন। ম্যাক্সওয়েল ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং অস্ট্রেলিয়ার সামনে ২০২৭ সালের আগস্টের আগে মাত্র আটটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি থাকায় তার কেন্দ্রীয় চুক্তি হারানোর সম্ভাবনাও আছে। তবুও তিনি এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না। আরও পড়ুন: রোজা রেখে বিসিএল খেলেছেন সাইফমেলবোর্নে সাংবাদিকদের তিনি বলেন, 'আগামী ১২ মাসে কী হচ্ছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। খুব বেশি টি-টোয়েন্টি সূচিতে নেই, তাই এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। শরীর কেমন থাকে, আমি কেমন খেলছি, দেখে সিদ্ধান্ত নেব। সুযোগ এলে ফিট থাকলে অবশ্যই খেলতে চাই।'২০২৮ সালের অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে তিনি বলেন, 'ফিট থাকলে অবশ্যই (খেলতে চাই)। তবে এখনই কোনো শেষ তারিখ ঠিক করছি না। বিশ্বকাপে আমি ধীরে ধীরে ভালো অনুভব করছিলাম। পরিসংখ্যানের চেয়ে মাঠে কেমন নড়াচড়া করছি, শরীর কেমন সাড়া দিচ্ছে, এসবই বেশি গুরুত্বপূর্ণ। মনে হয়েছে, এখনও আমার দেওয়ার মতো অনেক কিছু আছে।'চলমান বিশ্বকাপে ম্যাক্সওয়েল ৯, ৩১ ও ২২ রানের ইনিংস খেলেন, যেখানে স্ট্রাইক রেট ছিল ১১০.৭১, তার মান অনুযায়ী বেশ কম। অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও বিগ ব্যাশ মিলিয়ে ১২ ইনিংসে তার গড় ১৫.৫৫ এবং স্ট্রাইক রেট ১১৩.৮২; সর্বোচ্চ ৩৯*। বোলিংয়ে চার উইকেট নিয়েছেন ৪৫.৫ গড়ে, ইকোনমি ৭.৫২।আরও পড়ুন: পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন সরফরাজঅস্ট্রেলিয়ার পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ জুনে বাংলাদেশের বিপক্ষে। এই সফরে তিনটি ওয়ানডে ও পাকিস্তানে আরও তিনটি ওয়ানডেও রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকেরা ওয়ানডে ও তরুণ টি-টোয়েন্টি ক্রিকেটারদের দিকে বেশি নজর দেবেন। এ বিষয়ে ম্যাক্সওয়েল বলেন, 'নির্বাচকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সামনে আরও খোলামেলা আলোচনা চলবে। আমি যদি ফিট থাকি ও সুযোগ পাই, প্রস্তুত থাকব।'এদিকে পিএসএলে তিনি নতুন দল হায়দরাবাদ কিংসমেনে যোগ দেবেন। এবারই প্রথম ম্যাক্সওয়েল পিএসএলে খেলবেন। তিনি বলেন, 'বিশ্বকাপ ও এমএলসির মাঝে কিছুটা সময় পেয়েছি। মাঝখানে খেলে নেওয়া ভালো হবে। নতুন দলের সঙ্গে শুরু থেকে যুক্ত হওয়া, একটি ব্র্যান্ড গড়ে তোলা, এ ধরনের সুযোগ আমি পছন্দ করি।'