বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে ইনসাফ চাইলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এ বিষয়ে ৩ মার্চ রাত ১১টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। গোলাম মাওলা রনি লিখেছেন, ‘ইয়া আমির উল জামাত! ইনসাফ চাই! ইনসাফ চাই! সম্মানিত রাহবার, আপনাদের পত্রিকা দৈনিক নয়া দিগন্ত আমার প্রায় ৪ বছরের মেহনতের মূল্য পরিশোধ করছে না। বহুজনে বহু নিবেদন করেও কাজ না হওয়ায় আপনার শরণাপন্ন হলাম। আমি দীর্ঘদিন আপনাদের পত্রিকাটিতে উপসম্পাদকীয় লিখেছি। অন্যান্য পত্রিকা আমাকে যে সম্মানি দেয় তার মাত্র পাঁচ ভাগের এক ভাগ অর্থে আমি নয়া দিগন্তে কলাম লিখতাম এক ধরনের সহানুভূতির কারণে। আরও পড়ুন‘এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’ একটা সময় আপনাদের হয়তো অভাব ছিল। কিন্তু আল্লাহর দয়ায় আপনারা সংকটমুক্ত। কিন্ত তারপরও কেন পাওনা পরিশোধ হচ্ছে না তা বোধগম্য নয়! আমি খেটে খাওয়া মানুষ। জীবন জীবিকার জন্য এখনো আমাকে দৈনিক ১৮ ঘণ্টা মেহনত করতে হয়। ৪ বছরে ২০০টি উপসম্পাদকীতে প্রায় ৫ লাখ শব্দ নিজের হাতে লিখতে আমাকে কী পরিমাণ শ্রম দিতে হয়েছে, তা বোধকরি আপনি বুঝবেন। সুতরাং আমার ঘাম, শ্রম, মেধা, মনন এবং আপনাদের প্রতি সহানুভূতির ইনসাফ চাই।’ এসইউ