ইংল্যান্ডের ফিল সল্টকে পেছনে ফেলে আইসিসির টি-২০ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন সাহিবজাদা ফারহান। তাতে চাপ বাড়ল ভারত ওপেনার অভিষেক শর্মার ওপর, শীর্ষে থাকা এই ব্যাটারের সঙ্গে পাকিস্তানি ওপেনারের রেটিংয়ের পার্থক্য নেমে এসেছে ২৬-এ।ফারহান দুইয়ে উঠেছেন ৮৪৮ রেটিং পয়েন্ট নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৬০ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। তাতে বেশ কয়েকটি রেকর্ড হয়। ফখর জামানকে নিয়ে ১৭৬ রান তুলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়েন। ১৭৫ রান করে আগের রেকর্ডটি ফিন অ্যালেন ও টিম সেইফার্টের।ফারহান এই ইনিংসের মাধ্যমে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডেও নাম লেখান। ২০১৪ সালে কোহলির করা ৩১৯ রানের রেকর্ড টপকে এই আসরে তিনি করেছেন ৩৮৩ রান। এক আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি সেঞ্চুরি করার রেকর্ডও তার। প্রথম সেঞ্চুরিটি করেন নামিবিয়ার বিপক্ষে। সেরা দশে আরও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। এক ধাপ করে এগিয়ে ইশান কিশান ৪, তিলক বার্মা ৬ ও দেওলাদ ব্রেভিস ৮ নম্বরে উঠেছেন।আরও পড়ুন: বাংলাদেশ সফরে বাদ বাবর, পাকিস্তান দলে অভিষেকের অপেক্ষায় ছয় ক্রিকেটারসাহিবজাদার মতো দারুণ আসর কাটিয়েছেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট। ৬ ইনিংস খেলে মাত্র দুবার আউট হওয়া এই ক্রিকেটার করেছেন ২৯২ রান। তিনি দশে ঢুকবেন ঢুকবেন করছেন, ৬ ধাপ এগিয়ে উঠেছেন ১১ নম্বরে।বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন বরুণ চক্রবর্তী। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আবরার আহমেদ। পাকিস্তানি লেগ স্পিনার ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছেন। বরুণ শীর্ষে ৭৫৩ পয়েন্ট নিয়ে। অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া।