ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে হিজবুল্লাহর হামলা

ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে রাতভর ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একইসঙ্গে, একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি’-তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও বুধবার (৪ মার্চ) জানিয়েছে গোষ্ঠীটি।হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘স্থানীয় সময় বুধবার ভোররাত ২টায় অধিকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরাইলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কোম্পানির সদর দফতরে আক্রমণাত্মক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।’ লেবাননের বেশ কিছু শহর লক্ষ্য করে চালানো ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। খবর দ্য নিউ আরবের। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে’ আঘাত করেছে ‘নির্ভুল ক্ষেপণাস্ত্র’ দিয়ে। সংবাদ সংস্থা আনাদোলু বলছে, হিজবুল্লাহ মধ্য ও উত্তর ইসরাইলে অবস্থিত একাধিক ইসরাইলি সামরিক স্থাপনা ও কমান্ড সদর দফতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে।  আরও পড়ুন: ইসরাইলি ট্যাংক উড়িয়ে দেয়ার দাবি হিজবুল্লাহর এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরাইলের সাফেদ শহরের উত্তর-পূর্বে অবস্থিত দাদো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দাদো ঘাঁটি ইসরাইলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সদর দফতর। এর আগে বুধবারই হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরাইলের মেতুলা এলাকায় জড়ো হওয়া ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এবং ইসরাইলি বিমান হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে গেল সোমবার লেবাননে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওইদিন হিজবুল্লাহ উত্তর ইসরাইলের একটি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইসরাইলি বাহিনী একাধিক বিমান হামলা চালায়, যাতে অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে।  আরও পড়ুন: শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা সূত্র: দ্য নিউ আরব, আনাদোলু এজেন্সি