চিকিৎসা খাতে যারা বৈষম্যের শিকার, তারা অগ্রাধিকার পাবে: সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসা খাতে বিগত সময়ে যারা বৈষম্যের শিকার, তাদের অগ্রাধিকার দেয়া হবে জানিয়ে সবাইকে নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।বুধবার (৪ মার্চ) বিকেলে শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বিএনপির ওপর দেশের মানুষ আস্থা রেখেছে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণে বিএনপি আজ এ অবস্থানে এসেছে।’ আরও বলেন, ‘চিকিৎসা সেবা যুগোপযোগী ও গ্রহণযোগ্য করতে কাজ করছে সরকার। মানুষের সেবায় চিকিৎসকদেরও নিজেদের উৎসর্গের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী সংগঠন ড্যাব। চিকিৎসকরাও এখন আগের চেয়ে অনেক সংগঠিত। জনসংখ্যার অনুপাতে চিকিৎসক কত সেটাও ভেবে দেখতে হবে।’ আরও পড়ুন: ২ বছরের মধ্যে আড়াই কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী তিনি আরও বলেন, ‘আমি আকস্মিক ঢাকা মেডিকেল গিয়েছি, যতটা খারাপ বলা হয় আসলে অতটা খারাপও নয় সেখানকার পরিস্থিতি। আটটি অপারেশন থিয়েটারে গিয়ে পরিচ্ছন্ন দেখেছি। তেলাপোকা, ছারপোকার যন্ত্রণাও নেই।’ স্বাস্থ্যখাতে সব বৈষম্য দূর করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সুযোগ সুবিধার দিকে সরকার নজর দিবে। বিধির ভেতর যতটা সম্ভব সরকার পাশে থাকবে চিকিৎসকদের।’ হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার করে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চেতনার চিকিৎসক সমাজের প্রতিনিধি ও সাবেক ছাত্রদল নেতারা।