ফেনীতে সড়কের পাশে কাটা গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর পরশুরাম উপজেলায় সড়কের পাশে কাটা গাছ গায়ে পড়ে মো. নূর করিম খোকন (৪০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে পরশুরাম পৌরসভার বাউরপাথর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহত নূর করিম ওই এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাউরপাথর উত্তর পাড়ার হাজী আবুল কালামের ছেলে। পরশুরাম বাজারের হাসপাতাল চৌমুড়ীতে তার একটি চায়ের দোকান রয়েছে। পরিবারে তার দুই ছেলে সন্তান আছে। স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে বাড়ি থেকে দোকানের উদ্দেশে রওনা দেন নূর করিম। এ সময় বাউরপাথর হনালু বাগান এলাকায় সড়কের পাশে আব্দুল খালেক নামে এক ব্যক্তি গাছ কাটছিলেন। সড়ক পারাপারের সময় কেটে ফেলা একটি গাছ নূর করিমের ওপর ধসে পড়লে তিনি গুরুতর আহত হন।  আরও পড়ুন: তিন ঘণ্টার প্যারোলে বাবার জানাজায় কারাবন্দি যুবলীগ নেতা পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’