ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্যদিয়ে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পরিচালিত ফ্লাইট বাতিল করা হয়েছে।সর্বশেষ বুধবার (৪ মার্চ) ২৮টিসহ পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এরআগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটস ৫টি, ইউএস-বাংলা ৪টি, বিমান বাংলাদেশ ৩টি বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। আরও পড়ুন: ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র! এদিকে আগামীকাল ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।