পাত্তাই পেলো না দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেনসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে প্রোটিয়াদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের অপরাজিত সেঞ্চুরিতে ১৭০ রানের লক্ষ্য ১২.৫ ওভারেই পাড়ি দিয়ে ফেলে নিউজিল্যান্ডে। অ্যালেন আর টিম শেইফার্টের ১১৭ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে কিউইরা। শেইফার্ট ৩৩ বলে ৫৮ করে ফেরেন। ৩৩ বলে সেঞ্চুরি করেন অ্যালেন। ১০ বাউন্ডারি আর ৮ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে একটা সময় বড় বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মার্কো জানসেনের ফিফটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ৮ উইকেটে দাঁড় করায় ১৬৯ রানের সংগ্রহ। ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই চাপে ফেলে নিউজিল্যান্ড। ১২ রানের মধ্যে সাজঘরে ফেরত যান কুইন্টন ডি কক (৮ বলে ১০) আর রায়ান রিকেলটন (০)। ধরে খেলতে চেয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক এইডেন মার্করাম (২০ বলে ১৮)। ডেভিড মিলার আউট হন ৬ বলে ৬ রানেই। ডেওয়াল্ড ব্রেভিস হাত খুলতে চেয়েছিলেন। কিন্তু ২৭ বলে ৩৪ রান করে ফিরতে হয় তাকেও। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস আর মার্কো জানসেনের ৪৮ বলে ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। স্টাবস ২৪ বলে ২৯ করে আউট হন। তবে ৫ ছক্কায় ২৭ বলেই ফিফটি তুলে নেন জানসেন। শেষ পর্যন্ত ৩০ বলে ২ চার আর ৫ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, কোলে ম্যাককনচি আর রাচিন রাবিন্দ্রা নেন দুটি করে উইকেট। এমএমআর/এএমএ