বিশ্লেষণ: স্থলবাহিনী ছাড়া ইরানে সরকার পরিবর্তনে সফল হবেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি শুধু বিমান হামলা দিয়ে ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে চায়, তাহলে তা খুবই কঠিন কাজ; এমনকি প্রায় অসম্ভব। এমনটি মনে করেন সাংবাদিক আলি হারব, যিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি মূলত যুক্তরাষ্ট্রের বিদেশনীতি, আরব-আমেরিকান বিষয়াবলি, নাগরিক অধিকার এবং রাজনীতি নিয়ে প্রতিবেদন করেন। আলজাজিরায় আলি হারব লিখেছেন, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি এই যুদ্ধ থেকে শুধু ‘ইরানের জনগণের স্বাধীনতা’ চান।