কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন একটি কেওড়া বাগান থেকে মিয়ানমারের তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি জানান, টেকনাফের জিম্বংখালী এলাকায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পায় বিজিবি। এরপর থেকে সেখানে টহল জোরদার করা হয়। বুধবার বিকেলে আবারও সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিক নির্দেশনায় জিম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল বিশেষ অভিযান চালায়। আরও পড়ুন: পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ১৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ সীমান্ত পিলার বিআরএম-১৫ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব দিকে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয় জানিয়ে তিনি আরও বলেন, অভিযানে কোনো সন্ত্রাসীকে পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারের তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেয়া হয়েছে। অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে উখিয়া ব্যাটালিয়ন সবসময় তৎপর রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।