মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বালুর ড্রেজার নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে হামলা চালায়। বর্তমানে ঘটনাস্থলে সেনা টহল চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পাশের বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে বুধবার রাতে হঠাৎ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালানো হয়। আরও পড়ুন: মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, চার ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়াতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত আছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।