নিউজিল্যান্ডের কাছে হেরে ভীষণ হতাশ মার্করাম

অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলো দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে কোনো পাত্তাই পায়নি এইডেন মার্করামের দল। কিউইদের কাছে বিব্রতকর হারের পর প্রোটিয়া অধিনায়ক বললেন, তিনি ভীষণ হতাশ।ইডেন গার্ডেন্সের আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। তবে এই লক্ষ্য মাত্র ১২.৫ ওভারেই তুলে নেয় কিউইরা। যেখানে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন ফিন অ্যালেন। হারের পর হতাশাই প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজকের এমন ফলাফলে খুবই হতাশ। তবে পুরো টুর্নামেন্টে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত।’মার্করাম আরও বলেন, ‘আগে নিজের আবেগটাকে সান্ত্বনা দিতে হবে। তারপর দল হিসেবে বসে আলোচনা করব। আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমরা ভীষণ হতাশ। তবে আরও শক্ত হয়ে, আরও ভালো দল হয়ে ফিরতে হবে আমাদের।’আরও পড়ুন: আবারও ফাইনালে উঠবে ভারত, নাকি স্বাগতিকদের বিদায় করবে ইংল্যান্ড? ম্যাচ হারলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি মার্করাম। কিউই ব্যাটার এবং বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় শুরুতে তারা দারুণ বোলিং করেছে। তাদের বোলিং ইউনিটকে কৃতিত্ব দিতেই হবে। আর কেউ যখন এমন একটি ইনিংস খেলে, তখন বেশিরভাগ সময়ই ম্যাচ আপনার দিকে থাকে না।’শিশিরের কারণে পরে বোলিং করে বিপদে পরে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে কোনো প্রতিরোধই করতে পারেনি রাবাদা-এনজিডিরা। ফলে গতবারের রানার্স আপ দলটি এবার সেমি থেকেই বিদায় নিল।