খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে হাবিবুর রহমান নামে একজন যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লবনচরা থানাধীন রহমতিয়া মসজিদের পাশে ঘটনাটি ঘটে। আহত যুবক সাতক্ষীরা আশাশুনি এলাকার বাসিন্দা নুর মোহাম্মাদের ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আমরা রহমতিয়া জামে মসজিদের কাছে অবস্থান করি। সেখান থেকে চলে আসার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা একজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে হাবিবুর গুলির সামনে এসে পড়েন। গুলিটি তার পিঠের ডানপাশে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্বৃত্তকারীকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে নগরীতে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতাকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ অশোক ঘোষ (৩৮) নামে এক হত্যাকারীকে অস্ত্রসহ আটক করে। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খুলনা নগরীর ডাকবাংলো মোড়ের জুতার শো-রুম বাটার দোকানে এ ঘটনা ঘটে। আরিফুর রহমান/এনএইচআর/এমএস