বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

জামালপুরে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক।বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে জেলার মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) এবং তার ভাতিজা মৃত উজ্জ্বল মিয়ার ছেলে আকাশ (২০)। তারা দুজনই হাজরাবাড়ী বাজারের একটি সেলুনে কাজ করতেন। স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার রাতে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কাজল ও আকাশ। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। আরও পড়ুন: জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত এদিকে, এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক সাইম (২২) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। রাতেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মিয়ারপাড়া এলাকার বাসিন্দা রফিকুল বলেন, 'হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে বেরিয়ে দেখি দুটি মোটরসাইকেল ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। পাশেই তিনজনকে পড়ে থাকতে দেখি। পরে আমরা একজনকে মৃত অবস্থায় পাই এবং বাকি দুজনকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে পাঠাই।' মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, 'সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য একজনের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'