ফরিদপুরে যৌতুক না দেয়ায় স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে হত্যা মামলায় জাকির মোল্যা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোর্ট গ্রামের জাকির মোল্যার সঙ্গে সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের রেখা বেগমের ২০০৯ সালে পারিবারিকভাবে বিবাহ হয়।আরও পড়ুন: বরিশালে গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবনবিয়ের পর থেকেই রেখা বেগমকে যৌতুকের জন্য বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন চালিয়ে আসছিলেন জাকির। এক পর্যায়ে রেখা বেগম তার বাবার জমি বিক্রি করে ৫ লাখ টাকা দেন জাকিরকে। ওই টাকা জাকির নষ্ট করে ফেলে। পুনরায় রেখা বেগমকে টাকার জন্য চাপ দিতে থাকে জাকির। রেখা বেগম টাকা দিতে রাজি না হলে ২০১৫ সালের ২২ অক্টোবর তাকে বেদম মারধর করেন জাকির। রেখা বেগমকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেখা বেগমের চাচা বাচ্চু খান হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১১ বছর পর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক।আরও পড়ুন: মানিকগঞ্জে কাশেদ আলী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবনএ তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।তিনি জানান, যৌতুক না দেয়ায় স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে হত্যা করে স্বামী জাকির মোল্যা। এ ঘটনায় ওই সময় রেখা বেগমের চাচা হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষী ও শুনানি শেষে আদালতের বিচারক জাকির মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। এই রায়ে আমরা খুশি, সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে।