এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের কাছে হারলেও পারফরম্যান্সে চমকে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নয়বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-০ গোলে হারার ম্যাচে আক্রমণে মুন্সিয়ানা দেখিয়েছেন ঋতুপর্ণা-মারিয়ারা। কপাল ভালো হলে হারের ব্যবধান আরও ছোট হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন চীনের কোচ। তবে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ নিজেদের দলের প্রশংসা করলেও তার চোখে খানিকটা দুর্বল মনে হয়েছে চীন দলকে।চীনের বিরুদ্ধে ম্যাচের পর বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বক্তব্য নিয়ে দেশের ফুটবলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন নারী দলের কোচ পিটার বাটলার। এই ব্রিটিশ কোচ কড়া ভাষায় সমালোচনা করেছেন নারী ফুটবলের হর্তাকর্তার।গতকাল (৪ মার্চ) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিরণ চীন জাতীয় দলের ব্যাপারে বলেন, ‘চায়না দলে অনেক বেশি বয়স্ক। তারা মাঝে-মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফফর্মে, ফর্ম নেই। আমি আগে চায়নার খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি স্পিসলেস হয়েছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।’ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে হারার পর নারী উইংয়ের চেয়ারম্যানের বক্তব্যে বিব্রত কোচ বাটলার পাল্টা জবাব দিয়েছেন বৃহস্পতিবারের (৫ মার্চ) প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে কিরণের মন্তব্য নিয়ে জানতে চাইলে এই ব্রিটিশ কোচ নারী উইংয়ের চেয়ারম্যানের মন্তব্যকে ‘কমপ্লিটলি ননসেন্স’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে এই বক্তব্যকে ‘ভুল’ ও প্রতিপক্ষের জন্য ‘অসম্মানজনক’ বলেও আখ্যা দেন। আরও পড়ুন: কোরিয়া ম্যাচের আগে বাটলার বললেন, 'আই হ্যাভ অ্যা প্ল্যান'বাটলারের ভাষায়, ‘চাইনিজ দল নিয়ে বাফুফের একজন সদস্যের এরকম মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। দলের প্রতি সম্মান জানানো উচিত শুধু আমাদের নয়, তারা অবশ্যই শক্তিশালী দল।’বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের মানের সঙ্গে চীনের ফুটবলের মানের তুলনা টেনে এই ব্রিটিশ বলেন, ‘তারা (বাংলাদেশ) নাসরিনের (বাংলাদেশের নারী লিগের দল) হয়ে খেলে না, সবচেয়ে শক্তিশালী দলই তারা। ওই (চাইনিজ) দলের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (বাংলাদেশের আরেক ক্লাব) নয়, তারা চাইনিজ ও পিএসজির হয়ে ফরাসি লিগে খেলে।’কিরণের বক্তব্যকে খোঁচা মেরে পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বাটলার। তিনি বলেন, ‘আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন, কিন্তু আমার কাছে এটা প্রত্যাশিতই ছিল।’