দক্ষ জনশক্তি গড়তে বিদেশি ভাষা শিক্ষাকেন্দ্র স্থাপনে তাগিদ প্রধানমন্ত্রীর

প্রবাসী আয় বাড়াতে দক্ষ জনশক্তি গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরজন্য বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলারও নির্দেশ দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, বৈঠকে বেকার তরুণ-তরুণীদের বিদেশে কর্মসংস্থানের জন্য গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশের ভাষা শিক্ষাকেন্দ্র খোলার তাগিদও দিয়েছেন তিনি। যাতে আগ্রহীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে কীভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায় এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাত: ফ্লাইট স্থগিত, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণেরও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।