পাগলা মসজিদে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ-এ নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত দুই সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী। আরও পড়ুন: মাদারীপুরে সংঘর্ষ: সাংবাদিক ও ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং তাদের কেউ কেউ ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি নূর মোহাম্ম্মদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আরও পড়ুন: সাংবাদিক নেতার ওপর হামলা, সাতক্ষীরায় ৪ যুবদল নেতা বহিষ্কার তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।