মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম

মেট্রোরেলে এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার (লুপ রাইডিং) অভিযোগ উঠেছে। যাত্রীদের এমন অভিযোগের পর সিট দখল ঠেকাতে মতিঝিল স্টেশনে নিয়মিত অপারেশন বা ট্রেন চালানোর নিয়মে বদল আনার কথা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে নিয়মে পরিবর্তন আনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। এ ছাড়া কোনো যাত্রী মতিঝিল পৌঁছানোর পর ওই একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নামতে হবে এবং অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে। মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতর অহেতুক ঘোরাঘুরি বন্ধে চেকইন ও আউটের মধ্যবর্তী সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম। আরও পড়ুন: মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা তিনি বলেন, আমরা অনুমোদিত সময় কমিয়ে দিয়েছি। যদি কোনো যাত্রী নির্ধারিত সময়ের বেশি প্ল্যাটফর্ম বা সিস্টেমের ভেতরে অবস্থান করেন, তবে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে। যাত্রীদের অভিযোগ, একশ্রেণির যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে আগেই উঠে পড়েন। তারা মতিঝিল স্টেশনে নামার বদলে সিটে বসে থাকেন এবং একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এর ফলে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে যারা ওঠেন, তারা কোনো আসন খালি পান না।