বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।মামলার শুনানির পূর্ব ধার্য তারিখ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবিরা। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে এই মামলায় আইভীকে শ্যোন এ্যারেস্টের জন্যে পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য হয়। একই দিন আইভীর জামিনের আবেদন করেন তার পক্ষের আইনজীবিরা। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তদন্ত কর্মকর্তার শ্যোন এ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুঁড়ে মারা যান ডাচ্ বাংলা ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে শ্যোন এ্যারেস্টের জন্য আদালতে আবেদন করে পুলিশ। আরও পড়ুন: নারায়ণগঞ্জে আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ১০টি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেও পরবর্তীতে ৫টি মামলায় স্থগিতাদেশ দেয়া হয়। আইভীর পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘আইভী ইতিপূর্বে ১০টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আমরা এই মামলাতেও তার জামিনের আবেদন করেছি এবং ১০ মামলায় জামিনের নথিপত্র আদালতে উপস্থাপন করেছি। এই মামলাতেও আমরা জামিন চেয়েছি। শুনানি শেষে আদালত আমাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তবে আইভীর জামিনের জন্য আমরা উচ্চ আদালতে আবেদন করব।’ আরও পড়ুন: আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।