দোহায় একাধিক বিস্ফোরণ, মোবাইলে জরুরি সতর্কবার্তা কাতার সরকারের

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সকাল থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত দোহায় অন্তত পাঁচ দফা বিস্ফোরণ ঘটেছে। এর প্রেক্ষিতে কাতার সরকার দেশের নাগরিক ও প্রবাসীদের মোবাইলে ন্যাশনাল ইমারজেন্সি অ্যালার্ট পাঠিয়েছে। সতর্কবার্তায় সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এদিন সকাল থেকেই কয়েক দফা সতর্কবার্তা পাঠানো হয়। সর্বশেষ দুপুর ১২টা ৪২ মিনিটে অনেকের মোবাইলে জরুরি অ্যালার্ট পৌঁছায় বলে জানা গেছে। আরও পড়ুন: যেভাবে ইরানের দুটি বোমারু বিমান ভূপাতিত করল কাতারের যুদ্ধবিমান কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা প্রবাসীদের প্রতি সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, অ্যালার্ট জারির পরও অনেক প্রবাসী বাইরে চলাফেরা করছেন, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সবাইকে সতর্ক থেকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসও সকল বাংলাদেশি নাগরিককে কাতার সরকারের নির্দেশনা মেনে চলার এবং সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে।