প্রত্যন্ত গ্রামের নারীদের স্বাস্থ্যসেবায় নূর এন্ড নাজাত ফাউন্ডেশন

পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামের নারীদের মাসব্যাপী স্বাস্থ্যসেবা দিয়েছে নূর এন্ড নাজাত ফাউন্ডেশন।বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারে সাতমেরা ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জানা যায়, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার প্রত্যন্ত গ্রামের নারীদের রোগ প্রতিরোধে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছে নূর এন্ড নাজাত নামে একটি ফাউন্ডেশন। এরইমধ্যে তিন উপজেলার ২৩টি ইউনিয়নে আয়োজিত ২৪টি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ হাজার নারীকে বিভিন্ন নারী রোগ বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা দেয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা জোসনা বেগম সময় সংবাদকে বলেন, আমি দীর্ঘদিন ধরে গোপন সমস্যায় ভুগছি। নারী চিকিৎসক না পাওয়ায় দূরে গিয়ে ভালোভাবে চিকিৎসা নেয়া হয় না। আজ প্রতিবেশীদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের কথা শুনে চিকিৎসা নিতে এসেছি। আরও পড়ুন: সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী একই কথা বলেন আনোয়ারা বেগম নামে আরেক নারী। তিনি বলেন, গ্রামের নারী ও দরিদ্র পরিবারের হওয়ায় দূরে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না। এখানে দুজন নারী চিকিৎসকের কাছে নিজের সমস্যার কথা খুলে বলতে পেরেছি। তারা চিকিৎসা সেবাসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এদিকে স্থানীয়দের পাশাপাশি চিকিৎসা নিতে আসা অনেকেই বলেন, এই উদ্যোগের সঙ্গে যদি আগামী দিনে বিনামূল্যের ওষুধ বিতরণ করা হয়, তাহলে গ্রামের নারীরা আরও ভালো সেবা পাবেন বলে দাবি জানান অনেকেই। এসময় কথা হয় মেডিকেল ক্যাম্পের চিকিৎসকদের সঙ্গে। তারা সময় সংবাদকে বলেন, গ্রামের নারীদের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তাদের দাবি, এমন উদ্যোগ নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নারীদের জন্য নতুন স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকলে ক্যাম্পের মেডিকেল অফিসার ডা. ফারজানা ও ডা. সুমাইয়া সময় সংবাদকে বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের উদ্যোগে এই ফাউন্ডেশন পরিচালনা হচ্ছে। গ্রামের নারীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিতে আমরা ক্যাম্পে অংশগ্রহণ করেছি। মাসব্যাপী পুরো ইভেন্টে স্থানীয়দের অনেকটাই আগ্রহ পেয়েছি আমরা। আগামী দিনেও এই প্রোগ্রাম করে যেতে চাই। আরও পড়ুন: সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখায় চিকিৎসককে তলব তারা আরও বলেন, প্রতিদিন প্রায় ২ শতাধীক নারী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের উদ্যোগে ২০২৫ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে নূর এন্ড নাজাত ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর গত এক বছরে ফাউন্ডেশনটি রচনা প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডে ২৬০টি সোলার লাইট ও প্যানেল স্থাপন করেছে।