নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ মো. ফারুক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। গ্রেফতার ফারুক জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। আরও পড়ুন: রূপগঞ্জে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও তালতলা পুলিশ ফাঁড়ির পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালায় উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে। সেখানে স্থানীয়দের সহায়তায় মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ফারুক নামে এক যুবককে আটক করে পুলিশের আভিযানিক দল। এ সময় তল্লাশি করে ফারুকের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন পাওয়া যায়। পরে জব্দ করা অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন: পোশাক শ্রমিক দীপু হত্যা: আরও ২ আসামি গ্রেফতার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় অস্ত্র আইন, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।