সিলেটে রাস্তার ইট লুটের অভিযোগে যুব জামায়াতের নেতাসহ আটক ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের একটি সড়ক থেকে ইট তুলে নেয়ার অভিযোগে উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইটসহ তাদের আটক করা হয়। আটকদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সড়কের ইট সরিয়ে নেয়ার ঘটনাটি সামনে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন মাহফুজুল ইসলাম চৌধুরী। তবে পরবর্তীকালে তার বাড়ি থেকেই সরকারি প্রকল্পের ইট উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে সমালোচনা শুরু হয়। আরও পড়ুন: বঙ্গোপসাগরে তিনটি অবৈধ ট্রলিংবোটসহ ৩৭ জেলে আটক জানা যায়, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কারের কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেয়া হয়। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদ্রাসার মাঠে সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়। সেই অনুযায়ী কিছু ইট সরিয়ে মাঠে রাখা হলেও পরবর্তীকালে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বুধবার (৪ মার্চ) এলাকাবাসীর পক্ষ থেকে আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকারি প্রকল্পের ওই সড়ক থেকে রাতের অন্ধকারে প্রায় ১৫ লাখ ইট তুলে নেয়া হয়েছে। অভিযোগের পরদিন বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। আরও পড়ুন: বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী নামের একজন রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।