বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এর মধ্যেই তেহরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে’ যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্ত থাকতে চান তিনি।ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সংঘাতে রণক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনস্যুলেটে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় দেশটি। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করার কথা জানিয়েছে ইসরাইল। আইডিএফ প্রধান বলেন, এই ধাপে ইরানের শাসনব্যবস্থা ও সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গত ছয় দিন ধরে ইরানে বিরতিহীন হামলা চালানো হচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকিও দিয়েছেন ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান। সতর্ক করেন, কোনো নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। আরও পড়ুন: কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে, তাহলে সময় অপচয় করবে।’ খামেনির ছেলে মুজতবাকে দুর্বল এবং অগ্রহণযোগ্য নেতা বলেও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতা মেনে নেবেন না, যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে। এক্স পোস্টে তিনি জানান, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য ‘প্ল্যান এ’ ব্যর্থ হয়েছে, ‘প্ল্যান বি’ আরও ব্যর্থ হবে।