আইসিসির বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছে ক্যারিবীয়রা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের কারণে আকাশপথ বন্ধ থাকায় দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত কয়েক দিন ধরে কলকাতায় আটকা পড়ে আছে ক্যারিবীয়রা। তবে অপেক্ষার প্রহর ফুরাচ্ছে তাদের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ ব্যবস্থায় অবশেষে বাড়ির বিমান ধরছেন নিকোলাস পুরান-ড্যারেন স্যামিরা।জানা গেছে, চার্টার্ড ফ্লাইটে লন্ডন হয়ে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে ফিরবেন তারা। গত রোববার (১ মার্চ) ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর পর থেকেই কলকাতায় অবস্থান করছে দলটি।কয়েক দিন অপেক্ষার পর বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ক্ষোভ উগরে দেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই।’ এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে আইসিসির কাছে জানতে চেয়ে স্যামি লেখেন, ‘অন্তত একটা আপডেট দিন, কিছু একটা বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন হয়ে গেল!’আরও পড়ুন: চারদিন ধরে হোটেলে আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ, দেশে ফেরার আকুতি স্যামির অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্যামির কণ্ঠেই শোনা গেল স্বস্তির সুর। আইসিসি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার পর তিনি এক্সে বলেন, ‘আপডেট পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজ দল এটাই চেয়েছিল।’আইসিসির সূত্র ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে, কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেয়া হবে ড্যারেন স্যামিদের, সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে শুক্রবার (৬ মার্চ) সকালে রওনা দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজরা।