ব্যাংকগুলোকে যাতে শাখা বা ব্যবসা কেন্দ্রের জন্য অফিস ভাড়া নিতে বারবার কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য না যেতে হয়, সে লক্ষ্য নিয়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালায় ঢাকা ও অন্যান্য সিটি করপোরেশন এলাকা এবং এর বাইরের অঞ্চলের জন্য শাখা বা অফিস ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলো এখন নিজেদের পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে শাখা বা অফিসের জন্য জায়গা ভাড়া নিতে, ইজারা চুক্তি করতে বা বিদ্যমান চুক্তি নবায়ন করতে পারবে। তবে ভাড়া অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া অঞ্চলভেদে ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১০৪ টাকা, চট্টগ্রামে ৬১ টাকা, সিলেটে ৪০ টাকা, বরিশালে ৪৮ টাকা, রংপুরে ৪৫ টাকা, ময়মনসিংহে ৩৬ টাকা এবং রাজশাহী ও খুলনায় ৩৪ টাকা পর্যন্ত ভাড়া নেয়া যাবে। সিটি করপোরেশন এলাকার বাইরে পৌরসভা ও গ্রামীণ অঞ্চলে সর্বোচ্চ ভাড়া আরও কম ধরা হয়েছে, যা সংশ্লিষ্ট এলাকার বাজার ও ভৌগোলিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: আরও বাড়ল দেশের রিজার্ভ, এখন কত বিলিয়ন ডলার? তবে নতুন নিয়মে পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেয়া হলেও কিছু শর্ত বজায় রাখা হয়েছে। ভাড়া চুক্তি সম্পাদনের পর সংশ্লিষ্ট ব্যাংককে ১০ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি অবহিত করতে হবে। এছাড়া কয়েকটি বিশেষ পরিস্থিতিতে এখনও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন বাধ্যতামূলক থাকবে। এর মধ্যে রয়েছে, নির্ধারিত সর্বোচ্চ ভাড়ার সীমা অতিক্রম করলে, ভবনের মালিকের সঙ্গে ব্যাংকের পরিচালক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থের সংঘাত থাকলে, বিদ্যমান ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শাখা স্থানান্তর করা হলে এবং ব্যাংকের প্রধান কার্যালয় বা নিয়ন্ত্রণকারী বিভাগের জন্য ভবন ভাড়া নেয়ার ক্ষেত্রে অনুমোদন নিতে হবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।