বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। প্রতিবছর শীতের সময় ঢাকার বাতাসেও দূষণ বাড়ে। এবার বৃষ্টির দেখা নেই। তাই আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থাকছে। বায়ুর মান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে।শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে বাংলাদেশের ঢাকা। এই শহরের বায়ুমানের স্কোর ৩২৯, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। গত বৃহস্পতিবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৩৩১। পাকিস্তানের লাহোর তালিকার দ্বিতীয় অবস্থানের রয়েছে। এই শহরের বায়ুমানের স্কোর ২৯৩। ঢাকার চেয়ে লাহোরের বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম। তবে এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮০। এরপরের অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার স্কোর ১৭৪। দুটি শহরের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এদিকে, ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হেনোই, ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৬৮ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে উগান্ডার কামপালা, ১৬০ স্কোর নিয়ে নবম অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং ১৫৩ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রার খবর কী? একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।