আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা

যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। বিআরপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে। আরও পড়ুন: ব্যাংকের শাখা-স্থাপনার সর্বোচ্চ ভাড়া বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ সামনে রেখে সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে তুলে ধরার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হয়েছে। অপরদিকে ডিএফআইএম একই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দুটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।