ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে, দেশটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ট্রু প্রোমিজ ৪-এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ। নায়েইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এই ঘোষণার সময়ই ইরান ইসরায়েলের তেল আবিব শহরে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়, যা উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হয়েছে। সূত্র: প্রেসটিভি এমএসএম