পুলিশ পরিচয়ে রেশনের তেল বিক্রির কথা বলে দোকানির টাকা নিয়ে উধাও

চুয়াডাঙ্গার দর্শনায় থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে রেশনের তেল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজার এলাকায় এই অভিনব প্রতারণার ঘটনা ঘটে। ঘটনাটি পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী দর্শনা রেলবাজারের সুবহান স্টোরের মালিক রেজা সরকার জানান, সকালে এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে দর্শনা থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে রেশনের তেল বিক্রির কথা বলেন। তিনি দাবি করেন, তার কাছে ৫ লিটারের সয়াবিন তেলের ৮ কার্টন রয়েছে। রেজা সরকার বলেন, আমি তাকে বলি তেল নিয়ে আসলে নগদ টাকা দেব। কিন্তু তিনি জানান, একা এত তেল আনা সম্ভব নয়। একটি ভ্যান দিলে তিনি ভ্যানচালককে নিয়ে থানায় গিয়ে তেল এনে দেবেন। পরে দর্শনা চালবাজার এলাকার থাকা ভ্যানচালক শামসুলকে তার সঙ্গে পাঠানো হয় এবং তার হাতেই ৩০ হাজার টাকা দেওয়া হয়। ভ্যানচালক শামসুল জানান, প্রতারক ব্যক্তি তাকে দর্শনা থানার গেটের সামনে নিয়ে গিয়ে বলেন, স্যারদের সঙ্গে কথা বলে তেল নিয়ে আসছি, টাকাটা দেন। থানার সামনে থাকায় বিষয়টি স্বাভাবিক মনে করে আমি তার হাতে টাকা দেই। পরে ওই ব্যক্তি থানার ভেতরে ঢুকে আর ফিরে আসেননি। অনেকক্ষণ অপেক্ষার পর তিনি থানার ভেতরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বাজারে ফিরে দোকান মালিককে বিষয়টি জানান ওই ভ্যানচালক। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন বলেন, বাজার এলাকায় এর আগেও চুরি ও প্রতারণার ঘটনা ঘটেছে। নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম