কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন (৪০) উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে। চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, ভোররাতে ওই ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে যান। এ সময় নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন: পাগলা মসজিদে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর উদ্ধার হওয়া গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।’ তিনি আরও জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত গরুর প্রকৃত মালিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।