পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর ১১ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৫ মার্চ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে তিনটি ম্যাচই। সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে আজ থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। পরদিনই মাঠে নামবে প্রস্তুতি ম্যাচে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুরেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবে মিরাজের দল। এরপর একদিন বিশ্রাম নিয়ে ৯ ও ১০ মার্চ আবার অনুশীলনে ফিরবে বাংলাদেশ। ওই দুই দিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকে তিন ঘণ্টা অনুশীলন করবে ক্রিকেটাররা। এরই মধ্যে পাকিস্তান সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন কুমার দাস। অন্যদিকে চোটের কারণে এই সিরিজে থাকছেন না তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। বাংলাদেশ স্কোয়াডমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এসকেডি/এমএমআর