যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনাগামী যাত্রীবাহী বাস 'টেকেরহাট এক্সপ্রেস' এবং বরিশালগামী একটি মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় মাইক্রোবাসের ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ইলিয়াস হোসেন (৫৮) ও মাইক্রোবাস চালককে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো. ইলিয়াস হোসেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে। আরও পড়ুন: টিকটকের জন্য আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণটাই গেল স্কুলছাত্রের গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, ‘সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’