বিরোধী দলের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদীয় গণতন্ত্রে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও উদারতা প্রদর্শনের অংশ হিসেবে বিরোধী দলকে দেয়া ডেপুটি স্পিকারের পদটি তাদের গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (৬ মার্চ) সকালে নবনির্বাচিত এমপি এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের অফার করেছি। আমি শুনেছি তাদের কেউ কেউ লিখিত প্রস্তাব চাইছেন। কিন্তু লিখিত প্রস্তাব দেয়ার মতো কোনো বিধান নেই। প্রধানমন্ত্রী নিজে ইফতার মাহফিলে বিরোধীদলীয় নেতার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন, যেখানে আমিও উপস্থিত ছিলাম। সবকিছু লিখিত বা শর্তযুক্ত হতে হবে এমন নয়, এটি আমাদের একটি রাজনৈতিক উদারতা।’তিনি আরও বলেন, ‘সংবিধান সংশোধনের পর দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন করা হবে এবং তখন বিরোধী দল একটি পদ পাবে–সেটি ঠিক আছে। কিন্তু বিদ্যমান যে পদটি রয়েছে, সেটিও আমরা এখন তাদের দিতে চাই। আমি মনে করি, বিষয়টি তাদের উদারভাবে দেখা উচিত।’ আরও পড়ুন: পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতির ভাষণ ও সংসদীয় রীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সংবিধান ও রুলস অব প্রসিডিউর অনুযায়ী তিনি সংসদ অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন এবং আমরা সেই নিয়ম মেনেই চলব। আমরা আমাদের পার্লামেন্টারি কালচারকে এমনভাবে শক্তিশালী করতে চাই, যা দেখে মানুষ আমাদের প্রশংসা করবে, ভর্ৎসনা নয়।’ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনমনে যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা পূরণে এই সংসদকে স্মরণীয় করে রাখার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সারা বিশ্বের দৃষ্টি এখন আমাদের সংসদের ওপর। আমরা কীভাবে সংসদীয় সংস্কৃতি এস্টাবলিশ করছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি সুস্থ রাজনৈতিক ধারার প্র্যাকটিস করতে।’এদিন সকালে গুলশানে জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির নবনির্বাচিত এমপি এবং মন্ত্রীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালাটি পরিচালনা করছেন সাবেক অভিজ্ঞ আমলা ও সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী একাডেমিশিয়ানরা।