বাজেভাবে অ্যাশেজ হার আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পরও ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান ব্রেন্ডন ম্যাককালাম।৪৪ বছর বয়সী ম্যাককালাম ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেন। আর গত বছরের জানুয়ারিতে সাদা বলের দায়িত্বও তার কাঁধে ওঠে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবিব) সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৭ পর্যন্ত। তার আগে বেশ কঠিন সময়ের মধ্যেই পড়েছেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ায় আয়োজিত অ্যাশেজ সিরিজে ৪-১ পরাজয়ের পর ইসিবি জানুয়ারিতে দল প্রস্তুতি সংক্রান্ত ‘পূর্ণ পর্যালোচনা’ শুরু করে। এবারের বিশ্বকাপ জিতে সমালোচনা লাগাম টানার সুযোগ ছিল তার সামনে। কিন্তু দলকে বিদায় নিতে হলো শেষ চার থেকেই। ব্যর্থতার মাঝেও হতাশ নন ম্যাককালাম। স্কাই স্পোর্টস-কে বলেন, ‘আমি এই কাজটা (কোচিং) খুব ভালোবাসি। অবশ্যই চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটাই কাজের অংশ। আমরা গত কয়েক বছরে কিছু অসাধারণ অর্জন করেছি, কিন্তু এখনও অনেক কিছু অর্জন করার আছে। এখন সময় দরকার ভাববার, মূল্যায়ন করার এবং দেখার কী কাজ করছে, কী করছে না।’ আরও পড়ুন: ভারতকে আতঙ্কিত করে বেথেলের ঝড়ো সেঞ্চুরি, আক্ষেপ জেতাতে না পারার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের বিপক্ষে ২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রানে হারে ইংল্যান্ড। দলকে শেষ পর্যন্ত লড়াইয়ে রেখে ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তরুণ ব্যাটার জ্যাকব বেথেল। সেই অনন্য ইনিংসের প্রশংসা করেন ম্যাককালাম, একইসঙ্গে প্রশংসা করেন সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বেরও। তিনি বলেন, ‘অ্যাশেজের পর সাদা বলে দল অসাধারণ খেলেছে। শ্রীলঙ্কায় জয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পর্যায়ে পৌঁছানো আমাদের ভালো ক্রিকেট খেলার পরিচয় দেয়। হ্যারি ব্রুকের নেতৃত্বের ধৈর্য্য ও মানসিক দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়।’ আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে যারা থাকছেন আগামী জুনে তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে স্বাগতম জানাবে ইংল্যান্ড।