টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে যারা

শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ৮ মার্চ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। এরইমধ্যে জানা গেছে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে কারা আছেন।আজ ৮ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন করে ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ড ফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকা বাদ পড়েছে সেমিফাইনাল থেকে, প্রোটিয়ারা এই কিউইদের বিপক্ষেই হেরেছিল। একজন করে ক্রিকেটার আছেন ভারত, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান থেকে।দক্ষিণ আফ্রিকার দুজন হলেন এইডেন মারক্রাম ও লুঙ্গি এনগিদি। মারক্রাম ৮ ম্যাচে ২৮৬ রান করার পাশাপাশি এক উইকেট নিয়েছেন। এই আসরে দুটি ৮০+ রানের ইনিংস খেলেছেন তিনি, গ্রুপপর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৮৬, সুপার এইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮২*। এনগিদি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি, ৭ ম্যাচে ৭.১৯ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট।নিউজিল্যান্ডের দুজন হলেন টিম সেইফার্ট ও রাচিন রবীন্দ্র। সেইফার্ট ৮ ম্যাচে ৪৫.৬৬ গড়ে করেছেন ২৭১ রান। এই আসরে এখন পর্যন্ত তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিন অ্যালেনের সঙ্গে ১১৭ রানের জুটির পথে মাত্র ৩৩ বলেই করেছিলেন ৫৮। রবীন্দ্র সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে। ৮ ম্যাচে ১২৮ রান করার পাশাপাশি তিনি উইকেট নিয়েছেন ১১টি।আরও পড়ুন: যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ডযুক্তরাষ্ট্র গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও শ্যাডলে ফন শ্যালকিক মনোনয়ন পেয়েছেন ৪ ম্যাচেই ১৩ উইকেট নেওয়ার সুবাদে। এই পেসার এখন পর্যন্ত আসরের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারি। সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান। ৬ ম্যাচে ১৬০.২৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৩৮৩ রান। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করার দুটি রেকর্ড এখন তার দখলে।উইল জ্যাকস এবারের বিশ্বকাপে ভিন্ন এক রূপ দেখিয়েছেন। বিশ্বকাপে ৬ ম্যাচ জয়ের পথে ৪টির নায়কই তিনি। ফিনিশার বনে যাওয়া এই অলরাউন্ডার ২২৬ রান করার পথে ব্যাট করেছেন ১৭৬.৫৬ স্ট্রাইকরেটে। ৮ ম্যাচে ৯টি উইকেটও নিয়েছেন।ভারতের স্যাঞ্জু স্যামসন এই বিশ্বকাপে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে দুটিতেই ম্যাচসেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের বাঁচা-মরার ম্যাচে করেছিলেন অপরাজিত ৯৭, গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ৮৯। এই পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে স্থান পেয়েছেন তিনি। স্যামসন, টিম সেইফার্ট ও রাচিন রবীন্দ্র এই তিনজনের সামনেই ৮ মার্চের ফাইনালে টুর্নামেন্ট সেরা হওয়ার পাল্লাটা ভারী করার সুযোগ।