শাহ আমানতে আরও ১৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি আগমনী (অ্যারাইভাল) ও একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার তিনটি আগমনী ও তিনটি বহির্গামী ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মাসকাট থেকে সালামএয়ারের অভি-৪০১ ও অভি-৪০৩ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। একই উড়োজাহাজ অভি-৪০২ ও অভি-৪০৪ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট জেদ্দা থেকে চট্টগ্রামে এসেছে এবং বিজি-১৩৫ ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২২ ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে এবং বিএস-৩২১ ফ্লাইট মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ১৪টি ফ্লাইটসহ মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এমআরএএইচ/ইএ