যে কারণে ৩৩ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়েছেন গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদের জার্সিতে সবুজ গালিচায় রীতিমতো আলো ছড়িয়েছেন গ্যারেথ বেল। তার গতি, ড্রিবলিং, দুর্দান্ত শুটিং— এসবই তাকে আলাদা করে পরিচয় করে দিয়েছিল বিশ্ব ফুটবলে। কিন্তু হঠাৎ করেই কোথায় হারিয়ে গেলেন দুর্দান্ত গতিসম্পন্ন এই ফুটবলার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ওয়েলসের হয়ে খেলার পরপরই ৩৩ বছর বয়সে তিনি অবসর নেন বেল।২০২৩ সালের ৯ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই উইঙ্গার। অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তখন তিনি লিখেছিলেন, ‘অনেক ভেবেচিন্তে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি খেলাধুলার জগতে যেই ফুটবলকে ভালোবাসতাম, তার সঙ্গে এতদিন থাকতে পেরে গর্বিত। আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তিটুকু এসেছে ফুটবল থেকে। কিন্তু এখন সেই জায়গা থেকে সরে এসে জীবনের নতুন আরেকটি অধ্যায় শুরু করতে চাচ্ছি।’    তবে হঠাৎ করেই কেন এত অল্প বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন গ্যারেথ বেল, সে বিষয়ে ফুটবল ভক্তদের মনে প্রশ্ন ছিল অনেক। এতদিন পর এসে সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন বেল।  আরও পড়ুন: সমর্থকের ভুলে রিয়াল মাদ্রিদকে ২১ লাখ টাকা জরিমানা করল উয়েফা গ্যারেথ বেল জানিয়েছেন, তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি একটি গোপন চোট বয়ে বেরিয়েছেন। এবং এই সমস্যাটির কারণেই এত অল্প সময়েই ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন বেল।   স্টিক টু ফুটবল পডকাস্টে কথা বলতে গিয়ে বেল বলেন, ‘টটেনহ্যামে ১৮ বছর বয়সে আমার পিঠের ডিস্ক ছিঁড়ে যায়। আমার পুরো ক্যারিয়ারজুড়ে সেই চোট বয়ে বেড়িয়েছি। আমার অনেক কাফ ইনজুরি ছিল, যা আমার পিঠের কারণে হয়েছিল। আমি যখন খেলছিলাম তখন কখনও বাইরে এসে এই কথা বলিনি, কারণ কিছু লোক বলত সে অজুহাত দেখাচ্ছে।’  ২০১৬ সালের ইউরোর সেমিফাইনালে খেলেছে ওয়েলস। সেমিতে যাওয়ার পথে দারুণ ভূমিকা ছিল গ্যারেথ বেলের। এছাড়া দলকে ২০২০ ইউরোর শেষ ১৬-তে নেওয়ার পথে দারুণ ভূমিকা রেখেছিলেন বেল। তারপর ইউক্রেনের বিপক্ষে গোল করে ৬৪ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল তার দল ওয়েলস।  আরও পড়ুন: রোনালদোকে নিয়ে শঙ্কার কথা জানালেন আল নাসর কোচ ফুটবল জীবনে গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, চারবার ক্লাব বিশ্বকাপ, তিনবার লা-লিগা শিরোপাসহ মোট ১৯টি শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে ২০০৬ সালে অভিষেকের পরে ১১১ ম্যাচ খেলে ৪১ গোল করেন এই তারকা। অবসরের বার্তায় সাউদাম্পটন থেকে শুরু করে টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদ এবং এলএএফসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন গ্যারেথ বেল।  এছাড়া বাবা-মায়ের পাশাপাশি বোনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। অবসরের ঘোষণায় নিজের স্ত্রী-সন্তানদেরও স্মরণ করতে ভুলেননি। তার ফুটবল ক্যারিয়ারে যারা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন।