গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেয়ায় এক নারীর ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার এমসি বাজার এলাকার বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের জয়নাল হাজারীর স্ত্রী। ওই দম্পতি দীর্ঘদিন ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া থেকে একটি পরিত্যক্ত কারখানার দেখাশোনা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি পরিত্যক্ত কারখানার আশপাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক ব্যবসায়ীরা সেখানে মাদক সেবন করছিল। মনোয়ারা বেগম তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন এবং ওই স্থান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মনোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আরও পড়ুন: মাদক নিয়ে দুই পথশিশুর মধ্যে মারামারি, নিহত ১ খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।