শেষ মুহূর্তের নাটকীয়তায় শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

লা লিগায় টানা দুই হারের হতাশা নিয়ে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুরুতেই লিড নেয় লস ব্লাঙ্কোসরা। তার কিছুক্ষণ পরই সমতায় ফেরে সেল্টা ভিগো। পুরো ম্যাচে বিবর্ণ ফুটবল খেলে যখন পয়েন্ট হারানোর শঙ্কায় রিয়াল, তখনই নাটকীয়তা। শেষ মুহূর্তে জালের দেখা পেলো আরবেলোয়ার দল, আর তাতেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।শুক্রবার (৬ মার্চ) রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১১তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন চুয়ামেনি। ২৫তম মিনিটে সমতা টানেন বোর্হা ইগলেসিয়াস। ৯০ মিনিট পেরিয়ে পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভালভের্দের গোল গড়ে দেয় ব্যবধান। তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।  পুরো ম্যাচে ১৪টি শটের মধ্যে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সেল্টা ভিগো শট নিয়েছিল ৮টি, তার মধ্যে ৪টিই ছিল লক্ষ্যে। বল পজিশনেও এগিয়ে ছিল রিয়াল, ম্যাচের ৬৩ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখেছিল তারা।  এই জয়ের পর ২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।  আরও পড়ুন: যে কারণে ৩৩ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়েছেন গ্যারেথ বেল চোটের কারণে রিয়ালের বেশ কয়েকজন ফুটবলার আছেন মাঠের বাইরে। গত রাউন্ডে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচ থেকে তিনটি পরিবর্তন আনেন কোচ আরবেলোয়া।  দশম মিনিটে গোল পেতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই পাশে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ছিটকে ফেলে বক্সে ঢুকে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কিন্তু বল বাধা পায় পোস্টে।  গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি রিয়ালকে। ১১ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ছোট করে নেওয়া কর্নারে বল পেয়ে যান আর্দা গিলার, তিনি পাস দেন বক্সে। বল পেয়ে প্রথম স্পর্শে জোরাল শটে দলকে এগিয়ে নেন চুয়ামেনি।  আরও পড়ুন: সমর্থকের ভুলে রিয়াল মাদ্রিদকে ২১ লাখ টাকা জরিমানা করল উয়েফা তবে বেশিক্ষণ সেই স্থায়ী হয়নি তাদের সেই স্বস্তি। নিজেদের অর্ধ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে কাটিয়ে পাস দেন উইলিয়ট সুইডবার্গ। দৌড়ে গিয়ে বাঁ পায়ের শটে সমতা টানেন অরক্ষিত ইগলেসিয়াস।  দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে বেঁচে যায় রিয়াল। মিনিট চারেক আগে বদলি নামা ইয়াগো আসপাসের কাছ থেকে নেওয়া শট পোস্টে লাগে। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে, তখনই বক্সের বাইরে থেকে ভালভের্দের শটে বল প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সেল্টা ভিগোর অবস্থান ষষ্ঠ।