পাগলা মসজিদের নিলাম থেকে গরু কিনে এক বছর পেরিয়ে গেলেও টাকা পরিশোধ করেননি কথিত এক বিএনপি নেতা। উল্টো টাকা চাইতে গেলে তিনি নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. জীবন মিয়া (২৮)। তিনি সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলাকারী নিলাম সিন্ডিকেটের হোতা হিসেবেও পরিচিত।কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এই ঘটনা ঘটে। মসজিদের প্রশাসনিক কর্মকর্তার দাবি, বারবার তাগাদা দেয়ার পরও জীবন মিয়া গরু কেনার ৫৫ হাজার টাকা পরিশোধ করেননি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার দাবি, বিষয়টি তার জানা নেই। কেউ তাকে বিষয়টি জানায়নি। 'নিলামের গরু বাকিতে বিক্রি হয় কীভাবে', বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান জেলা প্রশাসক। অভিযুক্ত জীবন নিজেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বলে দাবি করেন। তবে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক জানান, ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির কোনো কমিটিই নেই। কেউ যদি দলীয় পদ ব্যবহার করে, তবে তা সম্পূর্ণ অসাংগঠনিক। পাগলা মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, জীবন ও তার স্বজনরা মসজিদের নিলাম বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন। গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে দানের একটি গরু ৫৫ হাজার টাকায় কিনে নেন জীবন। নিয়ম অনুযায়ী ক্রেতাকে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি সে সময় কোনো টাকা দেননি। এরপর প্রায় এক বছর পার হলেও এখনো সেই অর্থ পরিশোধ করা হয়নি। আরও পড়ুন: কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, 'নিলামের গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু টাকা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এখানে চাকরি করি, তাই নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। কিছু বলতে গেলেই হুমকি-ধমকি দেয়া হয়।' অভিযুক্ত জীবন মিয়া শহরের হারুয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পাগলা মসজিদে দানের মালামাল নিলামে বিক্রি করার সময় তার নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চ্যানেল টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু গুরুতর আহত হন। এ ঘটনায় আহত পিংকু বাদী হয়ে ওই দিনই মো. জীবন মিয়াকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। ওই দিন রাতেই মামলার প্রধান আসামি জীবনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, মামলার পর অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলাম কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। বিষয়টি তদন্ত করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।