বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়ার দাবি সৌদির

একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ৬টি ড্রোন ও একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।শনিবার (৭ মার্চ) মার্চ মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ দাবি করেন। পোস্টে বলা হয়, ড্রোনগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি ‘এম্পটি কোয়ার্টারে’ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এলাকাটিতে শায়বাহের মতো সমৃদ্ধ তেলক্ষেত্র রয়েছে। শায়বাহ তেলক্ষেত্রই এই হামলার লক্ষ্য ছিল। সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর তথ্যমতে, এই ক্ষেত্রটি থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়। আরও পড়ুন: ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। চলমান এ সংঘাত শনিবার অষ্টম দিনে গড়িয়েছে। ওয়াশিংটন ও তেল আবিবের হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।